আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমায় উইল স্মিথ ও শাহরুখের থাকার গুঞ্জন
‘পুষ্পা’র আকাশচুম্বী সাফল্যের পর তেলুগু তারকা আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের ‘রাকা’ সিনেমা নিয়ে। বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত এই সায়েন্স ফিকশন অ্যাকশন ছবিতে কাজ করছেন হলিউডের শীর্ষস্থানীয় টেকনিশিয়ানরা। তবে সিনেমাটি নিয়ে নতুন করে সবচেয়ে বড় চমক তৈরি করেছে এর কাস্টিং সংক্রান্ত সাম্প্রতিক এক খবর।
ভারতীয় সংবাদ মাধ্যম মিড-ডের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারেন হলিউডের অস্কারজয়ী তারকা উইল স্মিথ। তার সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা হয়েছে এবং তার শিডিউল অনুযায়ী শুটিংয়ের প্রস্তুতিও চলছে। এ ছাড়া ছবিটিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিশেষ এক চরিত্রে উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে, যার চিত্রায়ন আগামী সেপ্টেম্বর নাগাদ শুরু হতে পারে।
সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই বিগ বাজেট চলচ্চিত্রে আল্লু অর্জুনের পাশাপাশি আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। আল্লুর জন্মদিনে প্রকাশিত এর ফার্স্টলুক পোস্টারে তার অচেনা ও জন্তুসদৃশ অবয়ব ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। আগামী বছর বিশ্বজুড়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



















