আলহাজ্ব টেক্সটাইলের ৩৫ শতাংশ স্টক লভ্যাংশে এখনো বিএসইসির অনুমোদন মেলেনি
পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড যে ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে, সে বিষয়ে এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দূর করতে কোম্পানির পক্ষ থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পাঠানো এক তথ্যে বস্ত্র খাতের এই কোম্পানি জানায়, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে এই লভ্যাংশের জন্য ১৫ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।
তবে প্রচলিত বিধি অনুযায়ী, বিএসইসির পূর্বানুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক লভ্যাংশ বিতরণ করতে পারে না। এ কারণে লভ্যাংশ ঘোষণার পর আলহাজ্ব টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ স্টক লভ্যাংশ বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বিএসইসি এই স্টক লভ্যাংশের বিষয়ে সম্মতি দেয়নি। ফলে ঘোষিত রেকর্ড ডেট কার্যকর হচ্ছে না। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলে স্টক লভ্যাংশ বিতরণের জন্য নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিনিয়োগকারীদেরকে ধৈর্য ধরে পরবর্তী ঘোষণার অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস।


















