আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা এবং তারুণ্যের জয়গানে স্কালোনির নতুন চমক
২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে আলবিসেলেস্তে সমর্থকদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার অনুপস্থিতি। ৩২ বছর বয়সী এই প্লে-মেকারকে ছাড়াই স্কোয়াড সাজিয়েছেন স্কালোনি, যা দিবালার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জোরালো প্রশ্ন তুলে দিয়েছে। চোট আর ফর্মহীনতায় ভোগা দিবালা সর্বশেষ গত মার্চে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে ছিলেন।
স্কালোনির এবারের দল ঘোষণার মূল মন্ত্রই ছিল তারুণ্যকে প্রাধান্য দেওয়া। লিওনেল মেসিকে নেতৃত্বে রেখেই বর্তমান চ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। প্রাথমিক তালিকায় বেশ কিছু নতুন মুখ জায়গা পেয়েছেন যাদের এখনো আন্তর্জাতিক ফুটবলে অভিষেকই হয়নি। এদের মধ্যে হামবুর্গের নিকোলাস কাপুলদো, গেতাফের ডিফেন্ডার জায়েদ রোমেরো এবং পারমা স্ট্রাইকার মাতেও পেল্লেগ্রিনো অন্যতম।
আক্রমণভাগ ও মধ্যমাঠেও পরিবর্তনের হাওয়া লেগেছে। দিবালা ও আনহেল কোরেয়ার মতো অভিজ্ঞদের বদলে সুযোগ পেয়েছেন মাতিয়াস সুলে ও আলেহান্দ্রো গার্নাচো। এছাড়া রিয়াল মাদ্রিদের নজরে থাকা তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং ক্লদিও এচেভেরিকেও দলে রেখেছেন স্কালোনি। গোলরক্ষক হিসেবে রিভার প্লেটের তরুণ সান্তিয়াগো বেলত্রানকে ডাকা হয়েছে, যদিও এমিলিয়ানো মার্তিনেজই থাকছেন মূল ভরসা হিসেবে।
উত্তেজনা ছড়িয়েছে জিয়ানুকা প্রেস্তিয়ানিকে দলে রাখা নিয়ে। বর্ণবাদ ও বিতর্কিত আচরণের দায়ে নিষিদ্ধ হওয়া এই মিডফিল্ডারকে নিয়ে স্কালোনির বাজি এখন ফুটবল পাড়ায় আলোচনার বিষয়। উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য ৩০ মে’র মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত মূল দলে কারা জায়গা পাবেন, তা নিয়ে রোমাঞ্চ এখন তুঙ্গে।



















