আরিয়ান খানের পরিচালনায় অভিনয় করবেন কি না জিজ্ঞেসে রসিকতা করলেন শাহরুখ খান
আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ মিনিট খানেকের উপস্থিতিতেই শোরগোল ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। ছেলের পরিচালনায় এটি ছিল কিং খানের প্রথম কাজ। সম্প্রতি আরিয়ানের পরিচালনা নিয়ে রসিকতা করে আলোচনায় এলেন শাহরুখ।
‘ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে পিতা-পুত্রের এই সমীকরণ দর্শকের ভালোবাসা পায়। এর প্রেক্ষিতে আরিয়ান খানের পরিচালিত কোনো সিনেমায় শাহরুখ কখনো অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের মুখে পড়েন তিনি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে শাহরুখ খান জবাব দেন। মজা করে তিনি বলেন, “আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?”
শাহরুখের এই মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে। যদিও শাহরুখ একজন ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে পরিচিত এবং প্রায়ই নানা বিষয়ে রসিকতা করেন, এর আগে আরিয়ান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’-এ তাঁর সংক্ষিপ্ত উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে। এই ওয়েব সিরিজটি আরিয়ানের পরিচালনায় তাঁর প্রথম কাজ।



















