আরিয়ান খানের ওয়েব সিরিজে রণবীর কাপুরের ভেপিং দৃশ্য ঘিরে বিতর্ক
আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ রণবীর কাপুরের ভেপিং (ই-সিগারেট) দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের কাছে রণবীর কাপুর, সিরিজের প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতে ২০১৯ সাল থেকে ই-সিগারেট নিষিদ্ধ। তবুও কীভাবে এই দৃশ্য সেন্সর ছাড়পত্র পেল তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। এছাড়া ধূমপান সম্পর্কিত দৃশ্য প্রচারে সতর্কীকরণ বার্তা বাধ্যতামূলক হলেও এখানে তা ছিল না। কমিশনের দাবি, এ ধরনের দৃশ্য তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ প্রসঙ্গে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে।
আরিয়ান খানের পরিচালিত এই ওয়েব সিরিজে একাধিক বলিউড তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। রণবীর কাপুর ছাড়াও আছেন রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি ও আরশাদ ওয়ারসি। এছাড়া সিরিজটিতে ভারতের মাদকবিরোধী সংস্থা এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ঘিরেও পরোক্ষ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এরই মধ্যে ভক্তদের মধ্যেও বিস্ময় দেখা দিয়েছে। কারণ, রণবীর নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছেন। তাই সিরিজে তার ভেপিং দৃশ্য অনেকের কাছে অপ্রত্যাশিত লেগেছে।



















