আরএসএস প্রধানের নিউইয়র্ক সফরের তীব্র বিরোধিতায় মেয়র জোহরান মামদানি
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবতের একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আগামী ২৯ আগস্ট ম্যানহাটনে ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে উগ্র হিন্দুত্ববাদী এই নেতার। যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এই জমায়েতটি ঘিরেই মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে।
সংগঠনটির অতীত ইতিহাস এবং তাদের উগ্রপন্থী মতাদর্শের কারণে নিউইয়র্কের বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি আগেই মোহন ভাগবতের উপস্থিতির ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। সেই আপত্তিতে সুর মিলিয়ে মেয়র মামদানিও অনুষ্ঠানটির বিষয়ে তার স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি কোনোভাবেই এই জমায়েতকে সমর্থন করেন না, তবে ব্যক্তিগত উদ্যোগের কোনো অনুষ্ঠান বাতিল করার আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির আছে কি না তা তার জানা নেই।
নিজেকে উদারপন্থী ভারতের সমর্থক হিসেবে উল্লেখ করে মেয়র মামদানি তার পারিবারিক শিক্ষার কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, তার পরিবার তাকে বহুত্ববাদী সমাজ এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের যে আদর্শ শিখিয়েছে, সেখানে ভারতের প্রতিটি মানুষের সমান অধিকার ও অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। একটি সংকীর্ণ ও বর্জনমূলক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো মতাদর্শের এমন উত্থান তার কাছে অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।



















