আবাসন ও শ্রম আইন ভাঙায় সাড়ে তিন হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত
আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। গত মাসে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আটক এসব অভিবাসীকে পরবর্তীতে বহিষ্কার করা হয় বলে সরকার জানিয়েছে।
মঙ্গলবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী।
এই অভিযানে বিভিন্ন দেশের মোট ৩ হাজার ৫০০ নাগরিককে আইন ভাঙার দায়ে গ্রেপ্তার করা হয়। পরে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন ও শ্রম আইন কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীও ছিলেন, যাদের বিরুদ্ধে অভিবাসন আইন ভাঙার অভিযোগ রয়েছে।
গত কয়েক বছরে কুয়েত থেকে এভাবে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করাই এসব অভিযানের মূল লক্ষ্য।



















