আফগান সীমান্ত থেকে হামলা না থামলে অভিযানের হুঁশিয়ারি পাকিস্তানের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পবিত্র রমজান মাস শুরুর আগেই এসব যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে। আসিফ স্পষ্ট করে বলেন, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা হলে এবং হামলা অব্যাহত থাকলে পাকিস্তান যথাযথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের আলোচনা চললেও দেশটিতে হামলার ঘটনা কমেনি বলে অভিযোগ করেন খাজা আসিফ। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ (টিটিপি) বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তান সীমান্তকে ব্যবহার করে পাকিস্তানে প্রবেশ করছে এবং নিয়মিতভাবে নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন যে, সম্প্রতি রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত এবং ১৬০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়াও খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশেও একের পর এক হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির জন্য সরাসরি আফগান কর্তৃপক্ষের শিথিলতাকে দায়ী করে তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীকে দমনে আফগানিস্তান কার্যকর ব্যবস্থা না নিলে এর দায়ভার তাদেরই বহন করতে হবে।


















