আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি জানিয়েছে ক্যাব
ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আদানির বিদ্যুৎ আমদানি রদ নিশ্চিত করাসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যুব সংসদ। সংগঠনটি তাদের দাবিগুলো আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল-প্রার্থীদের ইশতেহারে যুক্ত করারও আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে বিদ্যুৎসহ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি এবং বিশেষ বিধান আইন রহিতকরণ, এই আইনের আওতায় সম্পাদিত সব চুক্তি-লাইসেন্স বাতিল, সব ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ এবং বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাতকে সেবা খাত হিসেবে প্রতিষ্ঠিত করা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে সরকারি সেবা মুনাফামুক্ত নিশ্চিত করে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ খরচভিত্তিক করা, জীবাশ্ম জ্বালানি আমদানি কমানো এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। সংবাদ সম্মেলনে আরও বলা হয় যে গ্যাস উন্নয়ন তহবিলের অর্থে গণশুনানির ভিত্তিতে স্থলভাগের শতভাগ গ্যাস আবিষ্কার ও উত্তোলন দেশীয় কোম্পানি দ্বারা নিশ্চিত করতে হবে এবং জ্বালানি খাতসংশ্লিষ্ট দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের ‘জ্বালানি অপরাধী’ হিসেবে বিচার করতে হবে।



















