আগামী ৩ মাসের মধ্যে দেশ থেকে কিশোর গ্যাং সংস্কৃতি উচ্ছেদের ঘোষণা চিফ হুইপ নূরুল ইসলাম মনির
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি পুরোপুরি উচ্ছেদ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি জোর দিয়ে বলেন, কিশোরদের হাতে অস্ত্র বা চাপাতি থাকবে না, তারা স্কুলে যাবে, পড়াশোনা করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বিতর্ক সভায় বক্তব্য দিতে গিয়ে চিফ হুইপ আরও বলেন, প্রতিটি নেতিবাচক ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর প্রবণতা পরিহার করতে হবে। জনগণের সুনির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি দেশবাসীকে সুফল পেতে কিছুটা যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, একটি শক্তিশালী সরকার ছাড়া রাষ্ট্রব্যবস্থা সচল রাখা সম্ভব নয় এবং কোনো কুচক্রী মহল যেন কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যকালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সাম্প্রতিক পদত্যাগের প্রসঙ্গে টেনে তিনি জানান, সরকার ঘর থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কঠোর বার্তা দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উক্ত প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।



















