আগামী নির্বাচনে সেনা সদস্যসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, আগে প্রতিটি ভোটকেন্দ্রে দুজন আনসার সদস্য থাকলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে। খবর—বিবিসি বাংলা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের গণমাধ্যম দায়িত্বশীলভাবে কাজ করায় আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগেই ঘোষণা দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে, রমজানের আগে অনুষ্ঠিত হবে।



















