আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু
মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনার কথা জানান।
প্রতিমন্ত্রী কিশোর গ্যাং ও মাদককে বর্তমান সমাজের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে অবিলম্বে প্রতিটি এলাকায় পুলিশী টিম গঠন এবং মাদক কারবারিদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া ঢাকার যানজট নিরসনে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে লাইসেন্স ও নীতিমালার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি উন্নয়নমূলক কাজে গতি আনার তাগিদ দেন।
তিনি জানান যে প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা করবেন, তাই সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়নকাজে ধীরগতি দেখা দিলে তা প্রধানমন্ত্রীকে অবহিত করে দ্রত সমাধানের আশ্বাস দেন তিনি।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সংসদ সদস্য ও প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।


















