আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের অভ্যন্তরীণ ভূমিকা নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমালোচনা
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারাদেশে নিরাপত্তার অভাব প্রকট হলেও সরকার নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “সরকার সবসময় দাবি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি আগের চেয়ে ভালো, অথচ এই ‘ভালো’র কোনো বাস্তব রূপ ঘরে-বাইরে বা পথে-ঘাটে কোথাও খুঁজে পাওয়া যায় না।” সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় দায় এড়ানোর প্রচেষ্টাকে তিনি চরম দায়িত্বহীনতা বলে আখ্যা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কটাক্ষ করে বিরোধীদলীয় নেতা মন্তব্য করেন, সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র চর্চা হচ্ছে সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের খোঁজখবর রাখলেও শুধু নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটাই ঠিকমতো সামলাতে পারছেন না।
এছাড়া সরকারি দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও সংসদীয় বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারি দলের শীর্ষ নেতারাই এখন একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন। সংসদে ট্রেজারি বেঞ্চে বসে প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায় দেশের সবচেয়ে বড় মাদকের চালান আসা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সরকারের সার্বিক কাঠামোগত ব্যর্থতাকেই প্রকাশ করে।
সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



















