আইএফআইসি ব্যাংকের সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইএফআইসি ব্যাংক পিএলসিকে জামিনদার দেখিয়ে ‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করার দায়ে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে।
এ সিদ্ধান্ত নেওয়া হয় বিএসইসির ৯৮০তম কমিশন সভায়, যার সভাপতিত্ব করেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বন্ডটি মূলত রিয়েল স্টেট কোম্পানি শেরপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল) দ্বারা ইস্যু করা হয়েছিল। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে প্রচারণা চালানো হয়, যা বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং মনে করায় যে আইএফআইসি ব্যাংকই বন্ডটি ইস্যু করেছে।
বিএসইসি জানিয়েছে, আইএফআইসি ব্যাংক শুধুমাত্র জামিনদার ছিল। এভাবে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে অর্থ সংগ্রহ করা সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘন। এই দায়ে সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, ৩০ জুলাই ২০২৫ অনুষ্ঠিত ৯৬৫তম কমিশন সভায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এবার সাবেক এমডিকেও অর্থদণ্ডে দণ্ডিত করা হলো।


















