অ্যাস্পিরিন: ব্যথানাশক থেকে ক্যান্সার প্রতিরোধের সম্ভাবনা
দীর্ঘদিন ধরে ‘অ্যাস্পিরিন’ কার্যকর ব্যথানাশক হিসেবে পরিচিত। তবে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এটি কোলন ক্যান্সারসহ কিছু ধরণের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করতে পারে। গবেষণাটি বিশ্বখ্যাত ‘দি নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
গবেষণায় জীবজন্তুদের ওপর পরীক্ষা চালিয়ে পাওয়া গেছে, অ্যাস্পিরিন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হতে পারে। বিশেষ করে এটি ক্যান্সারের মেটাস্ট্যাসিস অর্থাৎ শরীরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
অ্যাস্পিরিনের কার্যপদ্ধতি হলো—ক্যান্সার কোষ যখন মূল টিউমার থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত প্রবাহে প্রবেশ করে, তখন শরীরের টি-সেল নামক শ্বেত রক্তকণিকা সেগুলোকে শনাক্ত করে ধ্বংস করতে চেষ্টা করে। কিন্তু প্লাটিলেট নামক ছোট রক্তকণিকা এই প্রক্রিয়ায় বাধা দেয়। এখানে অ্যাস্পিরিন প্লাটিলেটের কাজ কমিয়ে দেয়, ফলে টি-সেল ক্যান্সার কোষ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারে।
একটি সমীক্ষায় দেখা গেছে, যারা এক দশকের বেশি সময় ধরে নিয়মিত অ্যাস্পিরিন সেবন করেন, তাদের মধ্যে ক্যান্সার ধরা পড়লেও বেঁচে থাকার সম্ভাবনা বেশি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, অ্যাস্পিরিনের এই প্রভাব ক্যান্সারের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে গবেষকরা সতর্ক করেছেন, অত্যধিক অ্যাস্পিরিন সেবনের ফলে স্ট্রোক বা রক্তক্ষরণসহ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ নেওয়া উচিত নয়।
বর্তমানে, যাদের লিচ সিন্ড্রোম রয়েছে — যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় — তাদের জন্য অ্যাস্পিরিন দেওয়া হয়। ভবিষ্যতে আরও কোন কোন ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে, সেই বিষয়ে গবেষণা চলছে।



















