অস্ট্রেলিয়ার সাথে ড্র করে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল ব্রাজিল
বিশ্বকাপের পর ফিফার নতুন উইন্ডোতে মাঠে নেমেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার মাশুল হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ে পতন ঘটেছে তাদের। কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচের আগে পাঁচ নম্বরে থাকা সেলেসাওরা ড্রয়ের ফলে এক ধাপ নেমে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, অন্যদিকে তাদেরকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দু দলই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে এস্তেভাও বল জালে পাঠালেও ভিএআর (VAR) পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে ম্যাচের ৬৮তম মিনিটে নেস্তোরি ইরানকুন্দার চমৎকার গোলে এগিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। পিছিয়ে পড়ে কোচ কার্লো আনচেলত্তি দলজুড়ে একাধিক পরিবর্তন আনেন এবং আক্রমণের ধার বাড়ান।
পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা ব্রাজিলকে শেষ মুহূর্তে রক্ষা করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে তার সমতাসূচক গোলের সৌজন্যে হার এড়াতে সক্ষম হয় ব্রাজিলিয়ানরা। পূর্ণ পয়েন্ট না পাায় র্যাঙ্কিংয়ে অবনতি হলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।


















