শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:৪১

অস্ট্রেলিয়ায় ইউটিউব অ্যাকাউন্ট নিষেধাজ্ঞা শিশুদের আরও ঝুঁকিতে ফেলতে পারে: ইউটিউবের সতর্কতা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় ইউটিউব অ্যাকাউন্ট নিষেধাজ্ঞা শিশুদের আরও ঝুঁকিতে ফেলতে পারে: ইউটিউবের সতর্কতা

অস্ট্রেলিয়ায় ইউটিউব অ্যাকাউন্ট নিষেধাজ্ঞা শিশুদের আরও ঝুঁকিতে ফেলতে পারে: ইউটিউবের সতর্কতা

অস্ট্রেলিয়ার নতুন সামাজিক যোগাযোগমাধ্যম আইন অনুযায়ী ১৬ বছরের নিচে কেউই ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আগামী ১০ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা শিশু–কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আনা হলেও উল্টো তাদের আরও বেশি ঝুঁকিতে ফেলতে পারে বলে সতর্ক করেছে ইউটিউব।

ইউটিউবের মতে, অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে শিশুরা কনটেন্ট দেখবে ঠিকই, কিন্তু ব্যক্তিগত অ্যাকাউন্ট না থাকায় অভিভাবকরা তাদের দেখা কনটেন্ট নিয়ন্ত্রণ বা ফিল্টার সেট করতে পারবেন না। গুগল ও ইউটিউব অস্ট্রেলিয়ার জননীতি ব্যবস্থাপক রাচেল লর্ড বলেন, এই আইন তাদের বহু বছরের তৈরি নিরাপদ অনলাইন পরিবেশকে দুর্বল করে দেবে এবং শিশুদের অনলাইনে আরও অনিরাপদ অবস্থায় ফেলবে।

অন্যদিকে, ইউটিউবের এই অবস্থানকে “বিস্ময়কর” বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস। তিনি বলেন, যদি ইউটিউব মনে করে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য নিরাপদ নয়, তাহলে সেই সমস্যা সমাধানের দায়িত্ব ইউটিউবেরই। সরকারের সিদ্ধান্তকে দোষারোপ করা ঠিক নয়। ওয়েলস আরও বলেন, শিশুদের অ্যালগরিদম–চালিত “ডোপামিন ড্রিপ”-এর বাইরে আনতে এই আইন প্রথম পদক্ষেপ।

নতুন আইনে যা থাকছে
– ১৬ বছরের নিচে কেউ ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবে না।
– ১০ ডিসেম্বরের পর সব বিদ্যমান অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
– ইউটিউব কিডস এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
– বয়স নিয়ে কোনো ধরণের ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে না।
– আইন ভঙ্গ করলে প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে।

প্রথমে ইউটিউবকে এই আইনের আওতায় আনা হয়নি। তবে পরবর্তী জরিপে দেখা যায়, ১০ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের মধ্যে ক্ষতিকর কনটেন্ট দেখার ক্ষেত্রে ইউটিউবই সবচেয়ে বেশি উল্লেখিত। এরপরই সরকার সিদ্ধান্ত বদলায়।

অস্ট্রেলিয়ার ইতিহাসে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে এটি সবচেয়ে বড় পরিবর্তন। তবে নতুন আইন বাস্তবে নিরাপত্তা বাড়াবে নাকি আরও জটিলতা তৈরি করবে—তা জানা যাবে নিষেধাজ্ঞা কার্যকরের পর।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি