অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধ কার্যকর
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করে প্রণীত আইন কার্যকর করা হয়েছে। রাজধানী ভিয়েনাসহ একাধিক রাজ্যে নতুন শিক্ষাবর্ষ শুরুর দিন সোমবার থেকেই এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রযোজ্য হয়। ক্ষমতাসীন জোটে থাকা দলগুলোর উত্থাপিত এই বিলটি গত ডিসেম্বরে দেশটির পার্লামেন্টে অনুমোদিত হয়, যেখানে মেয়েদের স্বাধীনতা ও সমতা রক্ষার যুক্তি তুলে ধরা হয়েছিল।
তবে এই আইনের কড়া বিরোধিতা করে আসছে দেশটির প্রধান মুসলিম সংগঠন দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)।তাদের মতে, এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের ওপর হস্তক্ষেপ এবং এটি নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।এর আগে আইনটি কার্যকর না হওয়ায় আদালত পিটিশন খারিজ করলেও, এবার তা আনুষ্ঠানিকভাবে বলবৎ হওয়ায় পুনরায় সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
আইনটি নিয়ে বিতর্ক ও অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী ক্রিস্টোফ ভিডারকেয়ার।জাতীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিবিড় আলোচনার মাধ্যমে এটি প্রণয়ন করেছে যেন তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।তবে শেষ পর্যন্ত সাংবিধানিক আদালতে এটি টিকবে কি না, সে বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া কঠিন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে নতুন আইন অমান্য করলে কঠোর ব্যবস্থার বিধান রাখা হয়েছে।প্রাথমিক লঙ্ঘন ঘটলে স্কুল কর্তৃপক্ষ ছাত্রী ও তার অভিভাবকদের সঙ্গে আলোচনা করবে।তবে নিষেধাজ্ঞা অমান্য করার ধারা অব্যাহত থাকলে অভিভাবকদের ১৫০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।অন্যদিকে বামপন্থী বেশ কয়েকটি ছাত্র সংগঠনও এই বৈষম্যমূলক আইনের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে।


















