অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালজয়ী গানের স্রষ্টা মিল্টন খন্দকার
বাংলা গানের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘অঞ্জনা’র স্রষ্টা এবং খ্যাতিমান গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকাল ১১টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শিল্পী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তাঁর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর এবং মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন এই গুণী সংগীত ব্যক্তিত্ব। হাসপাতালে ভর্তির পর মিল্টন খন্দকার জানান, সেখানে চিকিৎসক ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তাঁর একটি অপারেশন সম্পন্ন হবে। দ্রুত সুস্থ হয়ে যেন তিনি ঘরে ফিরতে পারেন, সেজন্য তিনি তাঁর প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতজগতের সঙ্গে যুক্ত আছেন মিল্টন খন্দকার। মূলত গীতিকার ও সুরকার হিসেবে দেশজুড়ে তাঁর ব্যাপক খ্যাতি রয়েছে। তাঁর লেখা ও সুরে কণ্ঠশিল্পী মনির খানের গাওয়া ‘অঞ্জনা’ সিরিজটি শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পায়।
‘অঞ্জনা’ ছাড়াও তাঁর সৃষ্টি করা বহু গান শ্রোতাপ্রিয় ও কালজয়ী হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাব’, ‘তোমরা কাউকে বোলো না’ এবং ‘আমি যে তোমার কে’। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন।



















