অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ৩৫ মন্ত্রণালয়কে নিয়ে সরকারের সমন্বিত উদ্যোগ
দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের বেশি ঘটছে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের মতো অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে প্রায় ৫১ শতাংশই অকালমৃত্যু, যা দেশের অর্থনৈতিক উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়নে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবার স্বাস্থ্য খাতের পাশাপাশি সরকারের ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত ‘সমন্বয় কমিটি’র প্রথম উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় আয়োজিত এই সভায় যৌথ ঘোষণায় স্বাক্ষরকারী ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সরকারের অন্যতম অগ্রাধিকার। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে উদ্ভাবনী উদ্যোগ এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে এসব রোগ মোকাবিলা করতে হবে। সুস্থ জীবনযাপনের জন্য মানুষের হাঁটাচলা ও কায়িক পরিশ্রম বাড়ানোর পাশাপাশি চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ একজন করে জ্যেষ্ঠ কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে মনোনয়ন দেবে। পাশাপাশি আগামী এক থেকে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিজ নিজ খাতভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করবে। এছাড়া, কর্মপরিকল্পনার বাস্তবায়ন পর্যবেক্ষণে পরিমাপযোগ্য সূচক নির্ধারণ, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রমাণভিত্তিক ও ব্যয়-সাশ্রয়ী উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।


















