অলিম্পিক আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে কাতার, জমা দিয়েছে ২০৩৬ সালের বিড
২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের সফল আয়োজনের পর এবার ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজন করতে চায় কাতার। ইতোমধ্যে দেশটি এই আসরের আয়োজক হতে আনুষ্ঠানিকভাবে বিড জমা দিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কাতারের এই পদক্ষেপ তাদের জ্বালানি-নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অবস্থান আরও দৃঢ় করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এক বিবৃতিতে বলেন, ‘২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য কাতার অলিম্পিক কমিটি (কিউওসি) আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে। কাতারের ক্রীড়াঙ্গনে এটি একটি নতুন মাইলফলক।’ তিনি আরও বলেন, ২০২২ সালের বিশ্বকাপের সফল আয়োজন এই বিডে কাতারের অন্যতম শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে।
কিউওসির সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানির মতে, দোহা ইতিমধ্যে ক্রীড়াকে জাতীয় কৌশলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত করেছে। তিনি বলেন, ‘আমাদের দেশে অলিম্পিক আয়োজনের জন্য প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামোর ৯৫ শতাংশ ইতোমধ্যেই প্রস্তুত। বাকি অংশও ১০০ শতাংশ প্রস্তুত করতে একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা রয়েছে।’
অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় এবং প্রতিবারই ভিন্ন মহাদেশে আয়োজনের নীতি মেনে চলে। ২০২৪ সালে ফ্রান্স, ২০২৮ সালে যুক্তরাষ্ট্র এবং ২০৩২ সালে অস্ট্রেলিয়া অলিম্পিক আয়োজন করবে। সে অনুযায়ী, ২০৩৬ সালের গেমস এশিয়া বা আফ্রিকার কোনো দেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
এই গেমসের পরবর্তী আয়োজক নির্ধারণ এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নতুন প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রির জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাতার যদি এই আয়োজক হওয়ার সুযোগ পায়, তবে এটি হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে অলিম্পিক গেমস আয়োজনের গৌরব অর্জন।

















