অর্থনৈতিক চাপ সামলাতে এবার জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও বন্দরগুলোতে মার্কিন বাহিনীর অবরোধের জেরে চরম অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইরান। ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহের বিপুল আর্থিক চাপ কমাতে দেশটির সরকার নতুন করে জ্বালানির দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। উদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হতে জনগণকে ইতোমধ্যে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ইরানি প্রশাসন।
৯ কোটি মানুষের দেশটিতে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলে বিপুল ভর্তুকি দিয়ে আসছে সরকার, যা অর্থনীতির ওপর এমনিতেই বড় ধরনের চাপ সৃষ্টি করেছিল। তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা, সামুদ্রিক অবরোধ ও যুদ্ধ পরিস্থিতি ইরানের অর্থনীতিকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, ২০২৬ সালে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ দশমিক ৪ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
বর্তমানে এক লিটার পেট্রোল উৎপাদনে সরকারের প্রায় ১৩ লাখ রিয়াল খরচ হলেও গ্রাহকদের কাছে তা সর্বনিম্ন মাত্র ১৫ হাজার রিয়ালে বিক্রি করা হচ্ছে। দেশটিতে প্রতিদিন প্রায় ১৩ কোটি ৫০ লাখ লিটার জ্বালানির চাহিদা থাকলেও দৈনিক উৎপাদন মাত্র ১২ কোটি ১০ লাখ লিটার। যুদ্ধের কারণে নতুন করে তেল আমদানি পুরোপুরি বন্ধ থাকায় রিফাইনারিগুলোতে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে ঘাটতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধি অত্যন্ত স্পর্শকাতর বিষয়; যার কারণে ২০১৯ সালেও দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ বিক্ষোভ। তা সত্ত্বেও সংকট কাটাত প্রতি লিটার পেট্রোলের কোটা বহাল রেখে ধীরে ধীরে পরবর্তী স্তরের দাম বাড়ানোর পরিকল্পনা বিবেচনা করছে দেশটির সরকার। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধের ধাক্কা সামলে ওঠার এই চেষ্টা ইরানের রাজনীতি ও সমাজব্যবস্থায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

















