অমরীশ পুরীর ২১তম মৃত্যুবার্ষিকীতে জ্যাকি শ্রফের নীরব শ্রদ্ধা
বলিউডের কিংবদন্তি খলনায়ক অমরীশ পুরীর আজ ২১তম মৃত্যুবার্ষিকী। এই দিনে প্রিয় সহকর্মীকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা জ্যাকি শ্রফ। তবে দীর্ঘ কোনো বার্তা নয়, বরং নীরবতার মধ্য দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
জ্যাকি শ্রফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমরীশ পুরীর একটি সাদা-কালো ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি কেবল এই গুণী অভিনেতার জন্ম ও মৃত্যুদিনের তারিখ উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত হলেও এই পোস্টেই স্পষ্ট হয়ে ওঠে, পর্দায় একে অপরের সঙ্গে মারপিট বা সংঘাতে জড়ালেও বাস্তবে তাদের সম্পর্ক ছিল গভীর শ্রদ্ধা ও সৌহার্দ্যের।
অমরীশ পুরীর ব্যক্তিত্ব নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেতা সৌরভ শুক্লও। তিনি জানান, পর্দায় ভয়ংকর খলনায়ক হিসেবে পরিচিত হলেও বাস্তব জীবনে অমরীশ পুরী ছিলেন অত্যন্ত সাধারণ ও মিতব্যয়ী মানুষ। সাড়ে চারশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও তাঁর কোনো নিজস্ব সহকারী বা পরিচারক ছিল না।
সৌরভ শুক্ল বলেন, শুটিং সেটে অমরীশ পুরী সবসময় একাই আসতেন এবং নিজেই গাড়ি চালিয়ে পৌঁছাতেন। কৌতূহলবশত একবার তিনি জানতে চেয়েছিলেন, কেন অমরীশ পুরী কোনো সহকারী রাখেন না। জবাবে গম্ভীর কণ্ঠে অমরীশ পুরী বলেছিলেন, ‘নিজের রক্ত জল করা উপার্জনের টাকা আমি অন্যকে দিয়ে শেষ করতে চাই না।’
রূপসজ্জাশিল্পী ছাড়া অন্য কাউকে নিজের সঙ্গে রাখতেন না অমরীশ পুরী। এমনকি পরিচারক রাখার প্রসঙ্গ উঠলেই তিনি বিরক্ত হতেন। এইসব স্মৃতিই আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আবারও তুলে ধরছে, পর্দার খলনায়কের আড়ালে লুকিয়ে থাকা এক সংযমী ও আত্মমর্যাদাশীল মানুষের গল্প।



















