অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে অভিবাসীদের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব
অভিবাসন বিষয়ে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে অভিবাসী কর্মীদের বিভিন্ন জটিলতা নিরসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান, অনুসন্ধানী সাংবাদিকতা অভিবাসন খাতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বশীল পক্ষগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণে বাধ্য করে। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) আয়োজিত ‘অভিবাসন অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন, পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকতা অভিবাসীদের অধিকার রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। বিদেশে গমনে ইচ্ছুক ও কর্মরত কর্মীদের প্রতারণা এবং শোষণের সঠিক চিত্র গণমাধ্যমে উঠে আসলে খাতটিতে শৃঙ্খলা ফেরানো সহজ হবে।
মতবিনিময় সভায় হেলভেটাস বাংলাদেশের ‘সিমস’ প্রকল্পের বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিক ও অভিবাসন বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। এতে অংশগ্রহণকারী সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনেরা অভিবাসী কর্মীদের সুরক্ষা ও সার্বিক অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















