অনিল আম্বানির ৩৫ কোটি ডলার ফ্রিজ করল ইডি
ভারতের অর্থনৈতিক গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই এবং শিল্পপতি অনিল আম্বানির ৩৫ কোটি ১০ লাখ ডলার (ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপি) ফ্রিজের আদেশ দিয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে অবস্থিত ইডির মূল কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।
অনিল আম্বানির বিরুদ্ধে ঋণ অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তার মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ ভারতের ইয়েস ব্যাংক থেকে ৫৬ কোটি ৯০ লাখ ডলার (৫ হাজার ৫০ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার রুপি) ঋণ নিয়েছিলেন। এই ঋণ তার নিজস্ব সংস্থা রিলায়েন্স হোম ফিন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিন্যান্স লিমিটেডের নামে নেওয়া হয়েছিল। অভিযোগ, অনিল ঋণের অর্থ ফেরত দেননি এবং তার একটি বড় অংশ বিদেশে পাচার করেছেন।
মুকেশ ও অনিলের বাবা ধীরুভাই আম্বানি ছিলেন ভারতের শীর্ষ শিল্পপতি। ২০০২ সালে তাঁর মৃত্যু হলে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। তাদের মা কোকোলাবেন পরে সম্পত্তি ভাগ করে দেন। মুকেশের অংশ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে রূপান্তরিত হয় এবং অনিলের অংশ হয় রিলায়েন্স এডিএ গ্রুপ।
মুকেশের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ব্যবসা জ্বালানি তেল আমদানি ও পরিশোধন, পেট্রোকেমিক্যালস, টেলিকম, মিডিয়া ও বিনোদন। অনিলের রিলায়েন্স এডিএ গ্রুপের প্রধান ব্যবসা ভবন ও অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন এবং আর্থিক পরিষেবা।
সূত্র: রয়টার্স।


















