শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:৩৩

অনলাইনে শিশা বিক্রির সংঘবদ্ধ নেটওয়ার্ক গুঁড়িয়ে দিল ডিএনসি, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মাদক জব্দ

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইনে শিশা বিক্রির সংঘবদ্ধ নেটওয়ার্ক গুঁড়িয়ে দিল ডিএনসি, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মাদক জব্দ

অনলাইনে শিশা বিক্রির সংঘবদ্ধ নেটওয়ার্ক গুঁড়িয়ে দিল ডিএনসি, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মাদক জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য প্রদর্শন ও ইনবক্সে অর্ডার নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ এবং কুরিয়ার সার্ভিসে তা সরবরাহ করার মাধ্যমে গড়ে উঠেছিল একটি অনলাইনভিত্তিক সংঘবদ্ধ শিশা বাণিজ্য নেটওয়ার্ক। দীর্ঘদিন নিবিড় গোয়েন্দা নজরদারির পর অবশেষে রাজধানীর গুলশান, ভাটারা, মালিবাগ ও নূরেরচালায় সমন্বিত অভিযান চালিয়ে সেই পুরো নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন এসব তথ্য জানান।

ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে দেশের ইতিহাসে একক অভিযানে সর্বাধিক ৬৫ কেজি ৯০০ গ্রাম শিশা ও ৪১টি হুক্কা জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দের পাশাপাশি এই চক্রের মূলহোতা ইরান ফেরত দুই সহোদরসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে বসুন্ধরা ও মালিবাগের কুরিয়ার পার্সেল থেকে শিশা জব্দের পর প্রেরকের ঠিকানা ধরে কালাচাঁদপুর ও নূরেরচালায় অভিযান চালিয়ে আহমেদ শরীফি, মেহদাদ শরীফি ও মো. মাকসুদ আলমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই ভাই দীর্ঘ সময় ইরানে থাকার সুবাদে সেখানে শিশা ব্যবসার কৌশল ও সরবরাহ ব্যবস্থার অভিজ্ঞতা নেন এবং দেশে ফিরে একই মডেলে অনলাইন ব্যবসা শুরু করেন। তারা প্রকৃত পরিচয় আড়াল করতে একাধিক ব্যক্তির নামে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করতেন। অভিযানে জব্দ করা ডিজিটাল ডিভাইস থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক ক্রেতার তথ্য, অর্ডারের ইতিহাস এবং আর্থিক লেনদেনের তথ্য উদ্ধার করা হয়েছে।

ডিএনসির মতে, মাদক ব্যবসায়ীরা এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্স, কুরিয়ার সেবা এবং মোবাইল ব্যাংকিংকে কাজে লাগিয়ে নতুন কৌশলে ব্যবসা পরিচালনা করছে। এসব অপরাধ দমনে সাইবার নজরদারি, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আন্তঃসংস্থার সমন্বিত অভিযান আরো জোরদার করা হয়েছে। সাম্প্রতিক এই সফল অভিযান শুধু একটি বড় চালান জব্দের ঘটনাই নয়, বরং অনলাইনভিত্তিক মাদক বাণিজ্যের নতুন কৌশল উন্মোচনের ক্ষেত্রেও এক বড় অগ্রগতি, যার সূত্র ধরে চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি