অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বারের পদত্যাগ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করলেও এর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।একই দিনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আরও তিন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র দিয়েছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
অন্যদিকে, গত জুন মাসে সরকারের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াত-সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
সেসময় পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান যে, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই তারা পদত্যাগ করেছিলেন।



















